Skip to content

‘গুলশানের চামেলি’ সিনেমায় আইনজীবীর চরিত্রে বাঁধন

ছবি বাঁধনের ফেসবুক থেকে নেওয়া

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাতা মোহাম্মদ ইকবাল নির্মাণ করছেন নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। এই সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের ‘পাখি’খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার সিনেমাটিতে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন। তবে সিনেমাটিতে তার যুক্ত হওয়া নিয়ে এখনই প্রকাশ্যে কথা বলতে রাজি নন নির্মাতা কিংবা অভিনেত্রী। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

এ বিষয়ে আজমেরী হক বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার না করলেও এখনই বিস্তারিত জানাতে চাননি। তার ভাষ্য, আনুষ্ঠানিক ঘোষণার পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প একজন যৌনকর্মীকে ঘিরে। কোনো অপরাধ না করেও কীভাবে ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হতে হয় তাকে, সেই বাস্তবতাই উঠে আসবে এই সিনেমায়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আগামী বছর কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

আজমেরী হক বাঁধনকে সর্বশেষ দেখা গেছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা নির্বাচিত হয় রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। অন্যদিকে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।

এনএনবাংলা/