সুন্দরবন সংলগ্ন কয়রায় অভিযান, ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার
সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি তাজা হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে শিকারি ও পাচারকারী চক্রের সদস্যরা নৌকা ও মাংস ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে লোকালয়ে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের একটি দল শাকবাড়িয়া নদীর চরে অবস্থান নেয়। পরে সন্দেহভাজনদের গতিবিধি শনাক্ত করে অভিযান চালানো হলে তারা পালিয়ে যায়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ‘সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে আসার পথে আমরা নদীর চরে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা গোলবাগান এলাকায় নৌকা ও মাংস ফেলে পালিয়ে যায়।’
তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, একটি নৌকা এবং শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাসানুর রহমান সোমবার (৩ আগস্ট) নিউ নেশন প্রতিনিধিকে জানান, এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে কয়রা উপজেলা আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে উদ্ধার করা হরিণের মাংস মাটির নিচে পুঁতে ফেলার প্রস্তুতি চলছে।
বন বিভাগের তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত সুন্দরবন এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৫৭১ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। একই সময়ে শিকারের সরঞ্জাম জব্দের পাশাপাশি ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে হরিণের চামড়া, মাথা ও পা।
এনএনবাংলা/
