Skip to content

শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

একজন মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন? ফিরে এলে ক্ষমতায় নয়, যেতে হবে জেলে

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে।

বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে সোহেল তাজ লেখেন, ইদানীং শুনছেন যে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন।

তিনি আরও লেখেন, একজন মানুষ কতটা নির্লজ্জ বা বেহায়া হলে নিজের সব কর্মকাণ্ডের দায় অস্বীকার করে মানুষ ও দলকে বিভ্রান্ত করে দেশে ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাতে পারেন। একই পোস্টে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আওয়ামী লীগকে ধ্বংস করা এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের মতো অভিযোগও উল্লেখ করেন।

আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস

সোহেল তাজের দাবি, আত্মসমালোচনা বা অনুশোচনা না করে ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনে আওয়ামী লীগকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে এবং দেশকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফেরার ঘটনা খুবই বিরল। তার ভাষ্য অনুযায়ী, সফলভাবে ক্ষমতায় ফিরতে পেরেছিলেন ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনা।

তার দাবি, এ তিনজনই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে নয়। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে উল্লেখ করে সোহেল তাজ বলেন, তিনি দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়, জেলে যাবেন।

এনএনবাংলা/