Skip to content

বাড়ি ফেরা হল না বাউলশিল্পী পেহেলী ভৈরবীর

ছবি: সংগৃহীত

সিলেটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। ভয়াবহ এ দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।

নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা বাউলশিল্পী পেহেলী ভৈরবী। তিনি বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকায় একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

এ ছাড়া নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা খোজাইফা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে গান গেয়ে অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া বাউলশিল্পী পেহেলী ভৈরবীর আকস্মিক মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহশিল্পী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারানো অন্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

এনএনবাংলা/