শিক্ষকদের আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ৫ বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে অনুসন্ধান করতে দেশের পাঁচ বিশ্ববিদ্যালয়ে পৃথক তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ এসব কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার নামে রাষ্ট্রবিরোধী বা বিশ্ববিদ্যালয় ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। গঠিত কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার সক্রিয় করার লক্ষ্যে টেলিগ্রাম গ্রুপ খুলে গোপন তৎপরতা চালাচ্ছেন দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক। ওই তালিকা প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তদন্তে নামে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম আসায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের খুঁজে বের করতে তিন সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শাহাদাত হোসেনকে আহ্বায়ক, ফিশারিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আজম খানকে সদস্য সচিব এবং সহযোগী অধ্যাপক কামরুল হোসেনকে সদস্য করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাছান মিয়া বলেন, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের নাম ওই তালিকায় আসায় তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। গতকাল রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠনের কথা জানানো হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন আল রশিদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক আতাউর রহমান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার রেহেনা আক্তার মনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের নাম তালিকায় আসার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইবি প্রশাসন। গত বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাজ্জাত হোসেন। অর্থ ও হিসাব বিভাগের উপহিসাব পরিচালক ইসরাফুল হক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে ১২ আগস্টের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষক থাকলে তাদের চিহ্নিতকরণ, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির আহ্বায়ক অধ্যাপক এমতাজ হোসেন বলেন, তিনি চিঠি পেয়েছেন এবং শনিবার থেকে কাজ শুরু করবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের নাম তালিকায় আসার পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়।
ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল আজম সওদাগর। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মো. আব্দুল মালেক। আগামী ১৩ আগস্টের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
একই অভিযোগ তদন্ত করতে পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে অনুসন্ধানের জন্য গঠিত কমিটি তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে।
এনএনবাংলা/
