সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তার স্ত্রী মালু বেগম (৭৬)। নিহত অপর তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। প্রাথমিকভাবে তাকে গৃহকর্মী হিসেবে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থ থেকে তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, সকালে বাসার ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সকালের কোনো একসময় দুর্বৃত্তরা প্রাচীরঘেরা ওই বাসায় প্রবেশ করে তিনজনকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে হত্যাকাণ্ডের পর বাসার একটি বাথরুম ভেতর থেকে লক অবস্থায় পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা খুলে দেন। তবে বাথরুমের ভেতর থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর ঘাতকরা সেখানে গিয়ে হাত-মুখ ধুয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এনএনবাংলা/এফএস
