সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক

ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জেলার প্রায় ২৯ হাজার ৩৫০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এবং সাতটি সিএনজি ফিলিং স্টেশন সরাসরি সংকটে পড়েছে। হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নাবান্নাসহ দৈনন্দিন বিভিন্ন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে বাখরাবাদ গ্যাসের আওতাধীন নোয়াখালীর আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালীতে প্রতিদিন গড়ে ১৬ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। গত সপ্তাহে হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলাজুড়ে সংকট দেখা দেয়। চলতি সপ্তাহের শুরুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বুধবার দুপুর থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

এতে জেলার প্রায় ২৯ হাজার আবাসিক ও ৩৫০ বাণিজ্যিক গ্রাহক এবং সাতটি সিএনজি ফিলিং স্টেশন সরাসরি সংকটে পড়েছে। গ্যাস না থাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হওয়ার পাশাপাশি সিএনজি স্টেশন ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও সমস্যা তৈরি হয়েছে।

মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকার গৃহিণী লিপি বেগম বলেন, ‘গত সপ্তাহে গ্যাসের চাপ কম থাকলেও চুলা হালকা জ্বলত। দিনে বা রাতে কোনো একসময় কিছুটা গ্যাস পাওয়া যেত, তখন রান্না করা সম্ভব হতো। কিন্তু আজ দুপুর থেকে চুলা একেবারেই জ্বলছে না। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে অনেক সমস্যা হচ্ছে।’

গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শহরের হোটেল-রেস্তোরাঁগুলোতেও ভোগান্তি দেখা দিয়েছে। কয়েকজন হোটেল কর্মচারী জানান, সকাল পর্যন্ত রান্নাবান্না স্বাভাবিক ছিল। দুপুরের দিকে হঠাৎ গ্যাস চলে যাওয়ায় খাবার প্রস্তুত ও পরিবেশন ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেক হোটেল ও রেস্তোরাঁ বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনে রান্নার কাজ চালাচ্ছে।

বাখরাবাদ নোয়াখালীর ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক নূর করিম বলেন, ‘দুপুর ১২টা থেকে ফেনী গ্রিডের প্রধান লাইন দিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এলএনজি টার্মিনালে সমস্যার কারণে সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, গত সপ্তাহে গ্যাস সংকট থাকলেও নোয়াখালীর সোনাদলপুর ও বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে কিছু এলাকায় সরবরাহ চালু রাখা হয়েছিল। তবে বুধবার দুপুর থেকে জেলাজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় কর্তৃপক্ষ জানাতে না পারায় দ্রুত সরবরাহ চালুর দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

এনএনবাংলা/