ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে। একই সঙ্গে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করতে হুমকি এবং লাইভ চলাকালে স্টার টিভির এক প্রতিনিধিকে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। পরে বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্নার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন ইউএনওর কক্ষের দরজায় লাথি দেন। এ সময় কয়েকটি ফুলের টব, প্লাস্টিকের চেয়ার এবং বারান্দার একটি গেট ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের হামলায় দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান আহত হন। এ ছাড়া সেখানে উপস্থিত আরও কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরে বিক্ষোভকারীরা বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাককে প্রায় ৩০ মিনিট তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে তারা কার্যালয়ের নিচে অবস্থান নেন।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। পরে তারা ইউএনওর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় সেখানে উপস্থিত দুই স্থানীয় সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ তার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে তাদের বঞ্চিত করে আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। তবে জানা গেছে, তিনিও ইউএনওর সঙ্গে বৈঠক করছেন।
এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্থার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। হামলার শিকার সাংবাদিকরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এনএনবাংলা/
