বিএনপির ৪৮ বছরে মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে ছিলেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন একাধিক নেতা। দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদটিতে কেউ ছিলেন এক বছর, আবার কেউ দায়িত্ব পালন করেছেন এক দশকেরও বেশি সময়। তাদের অনেকেই সফলতার সঙ্গে দায়িত্ব শেষ করেছেন। আবার কারও কারও ভাগ্যে জুটেছে লাঞ্ছনা ও বহিষ্কার।
বিএনপির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ মহাসচিব হন তিনি। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) মহাসচিবসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল।
বিএনপির দ্বিতীয় শীর্ষস্থানীয় সাংগঠনিক পদ মহাসচিবের দায়িত্বে কারা ছিলেন এবং কে কতদিন দায়িত্ব পালন করেছেন, তা একনজরে দেখে নেওয়া যাক।
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী: প্রায় ৮ বছর
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার সময় দলের প্রথম মহাসচিব করা হয় অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে। ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত প্রায় আট বছর তিনি এ দায়িত্বে ছিলেন। তার সময়ে বিএনপির চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া।
মোস্তাফিজুর রহমান: প্রায় ১ বছর
এরপর বিএনপির মহাসচিব হন অবসরপ্রাপ্ত লে. কর্নেল মোস্তাফিজুর রহমান। ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রায় এক বছর তিনি দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
কে এম ওবায়দুর রহমান: প্রায় ১ বছর
মোস্তাফিজুর রহমানের পর ১৯৮৭ সালে মহাসচিব হন কে এম ওবায়দুর রহমান। সাবেক এই ছাত্রনেতার মেয়াদকালও খুব দীর্ঘ হয়নি। প্রায় এক বছর তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন।
আবদুস সালাম তালুকদার: প্রায় ৮ বছর
১৯৮৮ সালে কে এম ওবায়দুর রহমানকে সরিয়ে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারকে মহাসচিব করা হয়। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় আট বছর তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির পরাজয়ের পর তিনি মহাসচিবের দায়িত্ব হারান।
আবদুল মান্নান ভূঁইয়া: প্রায় ১১ বছর
১৯৯৬ সালের জুনে বিএনপির মহাসচিবের দায়িত্ব পান আবদুল মান্নান ভূঁইয়া। এর আগে তিনি দলটির যুগ্ম মহাসচিব ছিলেন। টানা প্রায় ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন তিনি।
মান্নান ভূঁইয়ার দীর্ঘ মেয়াদ বিএনপির ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী মহাসচিবের মেয়াদ হিসেবে বিবেচিত হয়। ওয়ান ইলেভেনের সময় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। পরে ২০০৭ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
খোন্দকার দেলোয়ার হোসেন: প্রায় ৪ বছর
দলের দুর্দিনে খোন্দকার দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। এর আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
২০০৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালের ১৬ মার্চ মৃত্যুর আগ পর্যন্ত প্রায় চার বছর বিএনপির মহাসচিব ছিলেন খোন্দকার দেলোয়ার হোসেন।
তার মৃত্যুর পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: প্রায় ১৫ বছর ৫ মাস
২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ পাঁচ বছর এ পদে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ২০১৬ সালের ৩০ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব করা হয়। তবে ২০১১ সালের মার্চ থেকেই তিনি কার্যত দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
২০২৬ সালের আগস্টে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মহাসচিবসহ দলের সব পদ থেকে পদত্যাগের আগ পর্যন্ত তার মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় দাঁড়ায় প্রায় ১৫ বছর ৫ মাস।
ফলে বিএনপির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পর দীর্ঘ সময় এই পদে ছিলেন আবদুল মান্নান ভূঁইয়া। আর প্রতিষ্ঠাকালীন মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও আবদুস সালাম তালুকদার প্রায় আট বছর করে দায়িত্ব পালন করেছেন।
এনএনবাংলা/
