সাম্প্রতিক
Skip to content

অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

ফাইল ছবি

অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না—সরকার কখনই এটা হতে দেবে না। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা দিয়ে প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।”

নিজের নির্বাচনী এলাকার মানুষের কথা শুনতে কর্মী সম্মেলনে এসেছেন জানিয়ে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এমপি বানিয়ে মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি।”

তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দলের জন্য ত্যাগ ও অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে বিএনপির কর্মী সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যোগ্য ব্যক্তিদের বিএনপির কর্মী হিসেবে দলে যুক্ত করতে হবে। বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে নিয়ে আসাই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির লক্ষ্য।

দলের নেতাকর্মীদের সহনশীল আচরণের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে।

গ্রাম-গঞ্জের দরিদ্র পরিবারের যেসব শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের চিহ্নিত করে পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সমাজকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, সরকার এসব শিশুকে আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করবে এবং তাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

অসুস্থ রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/