সাম্প্রতিক
Skip to content

‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল আথার্টনের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে। ছবি: এক্স

লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাঠের ক্রিকেটের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানের রাজনীতি। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে প্রচারিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন।

সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল অ্যাথারটনের নেওয়া ওই সাক্ষাৎকারে পাকিস্তান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন ইমরানের দুই ছেলে। তাদের দাবি, কারাগারে তাদের বাবাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তাকে নীরব রাখতেই কঠোরভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির তীব্র আপত্তি সত্ত্বেও স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটি সম্প্রচার করে। পরে এ নিয়ে স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানায় পিসিবি।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মধ্যাহ্নভোজের বিরতির পর পাকিস্তান দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্যস্থতায় পাকিস্তান দল আবার মাঠে ফেরে।

‘জেলের অন্ধকার কুঠুরিতে বাবাকে মেরে ফেলার চেষ্টা’

সাক্ষাৎকারে কাসিম খান অভিযোগ করেন, পাকিস্তান সরকার এখন আর কোনো নিয়মকানুন বা কৌশলের তোয়াক্কা করছে না। তার ভাষ্য, কারাগারের ভেতর তার বাবাকে নির্লজ্জভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তাকে চুপ করিয়ে রাখতেই অন্ধকার কুঠুরিতে বন্দি রাখা হয়েছে।

কাসিম আরও জানান, সম্প্রতি তাদের ফুফুদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান কারাগারের পরিবেশ আশঙ্কাজনকভাবে খারাপ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অতীতে কারাগারে মারা যাওয়া রাজনৈতিক বন্দিদের পরিস্থিতির সঙ্গে নিজের বর্তমান অবস্থার তুলনাও করেছেন ইমরান।

তার দাবি, বর্তমানে ইমরান খানকে দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট সেলে সম্পূর্ণ একা ও বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।

বাবার শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কাসিম। তিনি বলেন, ইমরানের চোখে পট্টি লাগানো ছিল এবং তাকে মানসিকভাবে বিচলিত দেখাচ্ছিল। অথচ তার বাবাকে তারা সবসময় অত্যন্ত শান্ত মানুষ হিসেবেই দেখেছেন।

হাসপাতালে নেওয়া হয়নি ইমরানকে, দাবি সুলাইমানের

ইমরান খানের আরেক ছেলে সুলাইমান খান অভিযোগ করেন, তার বাবাকে ‘শাফা’ নামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি।

তার দাবি, ইমরানকে একটি সরকারি ক্লিনিকে নেওয়া হয় এবং সেখানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার ‘নাটক’ করার পর তাকে আবার কারাগারে ফিরিয়ে দেওয়া হয়।

সুলাইমান বলেন, চিকিৎসক এবং তাদের একজন ফুফু, যিনি নিজেও চিকিৎসক, দীর্ঘ সময় অপেক্ষা করলেও তাদের ইমরানের কাছে যেতে দেওয়া হয়নি।

ভিসা না দেওয়ারও অভিযোগ

দুই ভাই আরও দাবি করেন, ‘যান্ত্রিক ত্রুটির’ অজুহাত দেখিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের ভিসা দিচ্ছে না। ফলে তারা বাবার সঙ্গে দেখা করতে পারছেন না বলেও অভিযোগ করেন।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। বর্তমান স্ত্রীর সঙ্গে বিয়ের সময় নিয়ে করা একটি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতিসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ডের সাজাও রয়েছে।

ইমরানের চিকিৎসা নিয়ে সাবেক অধিনায়কদের উদ্বেগ

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছেন বিশ্বের সাবেক ক্রিকেট অধিনায়কদের একটি দল।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটনসহ আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন সাবেক অধিনায়ক ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তারা ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন।

এনএনবাংলা/