ইরানে বিয়ে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইরান। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন। আহতদের বেশির ভাগই নারী ও শিশু।
মঙ্গলবার স্থানীয় সময় দক্ষিণ ইরানের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই হামলা হয়। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।
হামলার পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ভবনের দেয়াল ও জানালা বিস্ফোরণে উড়ে গেছে। চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। পরে রেড ক্রিসেন্ট বেশ কয়েকজন শিশুর ছবি প্রকাশ করে, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরিক কাউন্টির গভর্নর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে জানান, এই বর্বরোচিত হামলায় আরও তেেষট্টি জন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে পঞ্চাশ জনের বেশি নারী ও শিশু রয়েছেন। সবাইকে দ্রুত নিকটস্থ মিনাব শহরের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশু জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে আকাশে যুদ্ধবিমান দেখতে পেয়েছিল। সেখানে পৌঁছানোর পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ইট, পাথর ও সিমেন্টের টুকরো তার মুখ ও মাথায় আঘাত করে। তার দাবি, হামলায় আহত সবাই ছিলেন বেসামরিক মানুষ।
তবে ইরানের অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা চালিয়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
মার্কিন বাহিনী আরও দাবি করেছে, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার, সমুদ্রপথে ব্যবহৃত সামরিক সরঞ্জাম ও স্থাপনা, সমুদ্রে মাইন পেতে রাখার সক্ষমতা এবং যোগাযোগব্যবস্থার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে কুহেস্তাক ছাড়াও ইরানের দক্ষিণাঞ্চলের কোনারাক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর দিয়েছে আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি।
অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলা চালিয়ে জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত করেছে। কুয়েতও জানিয়েছে, দেশটির আকাশে কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
সর্বশেষ হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন।
এনএনবাংলা/এফএস

