চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন রিয়াজ। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দেন।
আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২ মে একটি মামলা করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।
এই মামলার আসামিদের মধ্যে ১৪ জন অভিনয়শিল্পী রয়েছেন। তারা হলেন—চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা অপর একটি হত্যা মামলাতেও চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন তিনি।
তবে শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন গ্রহণ করেননি। ফলে দুই মামলায় রিয়াজের আগাম জামিনের আবেদনটি হাইকোর্টে শুনানির পর্যায়ে যায়নি।
এনএনবাংলা/
