সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার, এনসিপির মানববন্ধনে ‘হামলা’ যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার কাছে তিন গোলে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায়
Skip to content

হুইলচেয়ারে সংসদে ফিরলেন মির্জা আব্বাস

টেবিল চাপড়ে স্বাগত জানালেন সংসদ সদস্যরা
ছবি: ভিডিও থেকে নেওয়া

চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হুইলচেয়ারে করে সংসদে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিনের সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে হুইলচেয়ারে বসা মির্জা আব্বাসের উপস্থিতির কথা উল্লেখ করে স্পিকার তাঁকে স্বাগত জানান।

স্পিকার বলেন, “সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন। আপনাকে (মির্জা আব্বাস) এই সংসদে স্বাগতম জানাচ্ছি।”

এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা আব্বাসকে স্বাগত জানান। জবাবে তিনি ডান হাত কিছুটা তুলে সবাইকে সালাম জানান। এ সময় তাঁকে হাত তুলতে সহযোগিতা করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

এর আগে হুইলচেয়ারে করে মির্জা আব্বাস সংসদে পৌঁছালে সংসদ সদস্যরা তাঁর কাছে গিয়ে সালাম জানান এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন।

যেভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন

গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

এরপর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা এক মাস চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তাঁকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা।

দীর্ঘ সময় বিদেশে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরলেও মির্জা আব্বাসের হাত নাড়াচাড়ায় এখনো কিছুটা সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

এনএনবাংলা/