সিডনিতে শাবনূরের পরিবারের অতিথি তাসকিন

ক্রিকেট ও ঢালিউড—দুই অঙ্গনের দুই পরিচিত মুখকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদকে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও তার পরিবারের সঙ্গে সিডনিতে একটি ঘরোয়া আয়োজনে দেখা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) শাবনূরের সঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তাসকিন আহমেদ। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল ও বেশ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই তা নজর কাড়ে ক্রিকেট ও চলচ্চিত্রপ্রেমীদের।
পোস্টে তাসকিন জানান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনিতে শাবনূরের পরিবারের সঙ্গে একটি বারবিকিউ পার্টিতে অংশ নিয়েছেন তিনি। পরিবারের আতিথেয়তায় দারুণ একটি সন্ধ্যা কেটেছে বলেও উল্লেখ করেন এই ক্রিকেটার।
আয়োজনের জন্য শাবনূর ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসকিন লেখেন, ‘সেটা একটা সুন্দর সন্ধ্যা এবং বারবিকিউ রাত ছিল। আমাদের আতিথেয়তা করার জন্য শাবনূর আপু ও তার পরিবারকে ধন্যবাদ।’
তাসকিনের পোস্টের পরই সরগরম হয়ে ওঠে মন্তব্যের ঘর। দুই তারকার ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন পোস্টটি। কেউ ছবিটির প্রশংসা করেছেন, আবার কেউ এমন সুন্দর একটি মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তাসকিন ও শাবনূরকে শুভেচ্ছা জানিয়েছেন।
এনএনবাংলা/
