বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

বিশ্বের অন্যতম বৃহৎ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জয় করেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিনিধি জোহেইরি মোলা দোমিঙ্গেস।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে একশত এগারো জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই বৈশ্বিক খেতাব অর্জন করেন। গত আসরের বিজয়ী থাইল্যান্ডের ওপাল সুচাতা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত বিশ্বসুন্দরীকে মুকুট পরিয়ে দেন।
মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫-এর মুকুট জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান জোহেইরি মোলা। মডেলিংয়ের পাশাপাশি তিনি শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের পাশে দাঁড়াতে ‘ভয়েস অব টুমোরো’ নামে একটি উদ্যোগ পরিচালনা করেন এই সুন্দরী।
চূড়ান্ত পর্বে জোহেইরি মোলাকে তাঁর ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, নিজ দেশে নেওয়া এই উদ্যোগকে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলে কীভাবে আরও এগিয়ে নেবেন তিনি।
জবাবে জোহেইরি মোলা সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোর তাঁর উদ্যোগ ‘ভয়েস অব টুমোরো’ সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, ইংরেজি ভাষা শেখার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ইংরেজি জানা এমন একটি দক্ষতা, যা শিশুদের সারা জীবন কাজে লাগবে এবং ভবিষ্যতে তাদের নানা সুযোগের দ্বার খুলে দিতে পারে। এই উদ্যোগকে তিনি নিজের হৃদয়ের কাছের একটি কাজ হিসেবেও উল্লেখ করেন।
গ্র্যান্ড ফাইনালে প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের মুকুট উঠেছে মালয়েশিয়ার তানুসিয়া চেট্টির মাথায়।দীর্ঘ ৭৫ বছর ধরে আয়োজিত হয়ে আসা এ প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতাগুলোর একটি।
বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাস পর্বে নিজ মহাদেশের সেরা ছয়ে জায়গা করে নিলেও মূল প্রতিযোগিতার সেরা ৪০-এ উঠতে পারেননি।
এনএনবাংলা/এফএস
