ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনা বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের একজন করে মারা গেছেন।
চলতি বছর মৃত্যু ১৩৯, সেপ্টেম্বরে ৪২
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসেই প্রাণ গেছে ৪২ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮১ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১৫১ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৭ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ২০২ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ৮০ জন, রাজশাহীতে ১২২ জন, রংপুরে ৫৪ জন এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ১,৩০৪ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ৪৩০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ২০২৩ সালে
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
এনএনবাংলা/
