কর্মকর্তা সংকটে রায়গঞ্জ পৌরসভার সেবা ব্যাহত
কর্মকর্তা সংকটে ব্যাহত হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার নাগরিক সেবা। প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে স্থায়ী কর্মকর্তা না থাকায় নাগরিক ও চারিত্রিক সনদ নিতে এসে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কার্যক্রম বাতিল হওয়ায় পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দেয়। বর্তমানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
পৌরবাসী সীমান্ত তালুকদার বলেন, ‘চারিত্রিক সনদের জন্য কয়েক দিন ধরে পৌরসভায় ঘুরছি। কিন্তু স্বাক্ষর না হওয়ায় সনদ পাচ্ছি না।’
আরেক বাসিন্দা রেজুয়ান আহমেদ সিফাত বলেন, ‘নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী না থাকায় পৌরসভার কার্যক্রম ঢিলেঢালাভাবে চলছে।’
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিয়মিত কর্মকর্তা না থাকায় রায়গঞ্জ পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দ্রুত স্থায়ী কর্মকর্তা নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লেখা হবে।’
উল্লেখ্য, ২০০৫ সালে ৬ দশমিক ২৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে রায়গঞ্জ পৌরসভা গঠিত হয়। ‘খ’ শ্রেণির এ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে।
এনএনবাংলা/
