কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রো স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশনের নিচে এবং আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তাকর্মীরা। মূলত ফুটপাত দখলমুক্ত রেখে মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি এসব এলাকার সংশ্লিষ্ট সবাইকে ফুটপাত দখল না করার বিষয়ে সচেতন করা হয়। ডিএমটিসিএল জানিয়েছে, সফল এই অভিযানের ফলে স্টেশন দুটির আশপাশ সম্পূর্ণ অবৈধ দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হয়েছে।
উল্লেখ্য, যাত্রীদের সুবিধার্থে এর আগেও রাজধানীর আরও কয়েকটি মেট্রো স্টেশনে একই ধরনের অভিযান চালিয়েছিল কর্তৃপক্ষ, যেখানে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছিল।
এনএনবাংলা/এফএস
