র্যাব থেকে ‘এসআরবি’র যাত্রা শুরু, লোগোর নকশা অপরিবর্তিত

র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর পরিবর্তে গঠিত এই নতুন বাহিনী আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বিষয়টি জানিয়েছে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।
নতুন বাহিনীর কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে লোগোতেও। আজ বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত লোগোতে র্যাবের পরিবর্তে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে লোগোর মূল নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এসআরবির বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন এই লোগো ব্যবহার করতে দেখা গেছে। অর্থাৎ র্যাবের পুরোনো লোগোর নকশা অপরিবর্তিত রেখে শুধু বাহিনীর নাম পরিবর্তন করা হয়েছে।
এদিকে র্যাবের আগের ওয়েবসাইটেও দেখা গেছে লোগোর পরিবর্তন। সেখানে বড় করে ‘এসআরবি’ লেখা হয়েছে এবং নতুন লোগো যুক্ত করা হয়েছে। তবে ওয়েবসাইটের ইউআরএল ঠিকানা আগেরটিই রাখা হয়েছে।
এর আগে বিরোধী দলের আপত্তির মধ্যেই গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়।
পরে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পরই আইনটি কার্যকর হয় এবং এর পরদিন বুধবার থেকে র্যাবের পরিবর্তে নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু হলো।
এনএনবাংলা/
