আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৭

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে এ বিস্ফোরণ ঘটে। সেখানে গ্যাস সিলিন্ডারবাহী একটি লরি অবস্থান করছিল। হঠাৎ পরপর কয়েকটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা নিরাপদে বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির মধ্যে কয়েকজন আহত হন।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের তিনটি ভবনের জানালার কাচ ভেঙে যায়। এ সময় একটি গ্যাস সিলিন্ডার ছিটকে কারখানার সামনের একটি টিনশেড দোকানে গিয়ে পড়ে। এতে দোকানে থাকা এক নারী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি লরির ভেতর থেকে পাঁচজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
এর আগে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা জয়নাব বেগম নামের এক নারী নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামের আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এনএনবাংলা/এফএস
