সর্বাত্মক ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক শাটডাউনের ডাক দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়। উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। মিছিলে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। আবাসিক হল বন্ধ হওয়ার পরও উপাচার্য পুনর্বহালের দাবিতে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। রাত ১২টার দিকে স্বাধীনতা চত্বরে এসে মিছিল শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদে ফেরার অনুমতি দেওয়া হয়। একই দিনে কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
এনএনবাংলা/এফএস
