‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’—শুনে হেসে উঠলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’—ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রসঙ্গ শুনে হেসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। জানিয়েছেন, সফরের দিনক্ষণ নির্ধারণ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর হতে পারে—ভারতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, গুঞ্জনের ভিত্তিতে তিনি কোনো মন্তব্য করতে চান না। বাংলাদেশের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য জানতে হলে বাংলাদেশের কাছ থেকেই জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দুই দেশের সচিব ও কর্মকর্তাদের পর্যায়ে সংলাপ এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এসব আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
শীর্ষ পর্যায়ের সংলাপ কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফর হলে তখনই শীর্ষ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। তার আগে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা চালিয়ে একটি ‘কনক্লুসিভ এনভায়রনমেন্ট’ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি আশাবাদী কি না জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি সফরটি হবে বলে আশাবাদী। তবে এখনো সফরের তারিখ ও সময়সূচি চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার মাধ্যমে তা নির্ধারণের পর ঢাকার পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেওয়া হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, এসব সমস্যা সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে সমাধান করতে চায় বাংলাদেশ। ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা অব্যাহত রাখলে দুই দেশই সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন—এমন একজন ব্যক্তির প্রসঙ্গও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করছে। এ বিষয়ে বাংলাদেশ যেমন সংযম দেখাচ্ছে, তেমনি ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।
এদিকে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের সম্ভাবনার কথাও জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, তুরস্কে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে নভেম্বরের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারতীয় ও স্থানীয় গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হলেও এখনো সফরের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এনএনবাংলা/
