Skip to content

ডিসি মাসুদসহ পুলিশে বড় রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

নতুন নিয়োগের মধ্যে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের এসপি রবিউল ইসলামকে নৌপুলিশে বদলি করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর এসপি মিজানুর রহমানকে পঞ্চগড়ে পদায়ন করা হয়েছে। বান্দরবানের এসপি আবদুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। এসবির (ঢাকা) এসপি ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে এবং ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি শাহনাজ বেগমকে জয়পুরহাটে পাঠানো হয়েছে। পাবনার এসপি আনোয়ার জাহিদকে এসবিতে বদলি করা হয়েছে এবং এসবির (ঢাকা) এসপি ছুফি উল্লাহকে পাবনার এসপি করা হয়েছে।

নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের এসপি ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে পদায়ন করা হয়েছে। নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের এসপি করা হয়েছে।

সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েলকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে। চাঁদপুরের এসপি রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে এবং ঝালকাঠির এসপি মিজানুর রহমানকে চাঁদপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির এসপি করা হয়েছে। মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌপুলিশে বদলি করা হয়েছে এবং আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি করা হয়েছে।

চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর এসপি শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি করা হয়েছে এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই রদবদলের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় পুলিশ প্রশাসনে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ