সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সিরাজগঞ্জে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সোয়া ২ কোটি টাকায় নির্মিত ব্রিজ

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বিনাইন মৃত নদীর উপরে প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি জনসাধারণের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় এ ব্রিজ অকেজো হয়ে পড়ে আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চৌহালি ও টাঙ্গাইলের মধ্যে সড়ক যোগাযোগে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে বৃহত্তর পাবনা ও বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে এ ব্রিজ নির্মাণে ২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা ব্যয় ধরা হয়।

নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ৫২ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজ নির্মাণে ২০১৭ সালের শেষ দিকে একটি চুক্তি সই করা হয় এবং ২০১৮ সালের ৪ ডিসেম্বরের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। অথচ ২০২১ সালের নভেম্বর মাসে এই ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ শেষ হয়।

নির্মাণ কাজ শেষ হলেও ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক নির্মান করা হয়নি। নকশা ও জরিপ ভুল করে ব্রিজটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। এর একপাশে আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

এদিকে জনসাধারণের এ ব্রিজ কাজে না আসায় আরও সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) শফিকুল ইসলাম বলেন, সম্ভবত বাজেট স্বল্পতার কারণে ব্রিজ ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। এজন্য আরও সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

ইতোমধ্যেই এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

—-ইউএনবি