সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় কিউবার ৩২ নাগরিক নিহত, দুইদিনের রাষ্ট্রীয় শোক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ও হামলার সময় দেশটিতে কিউবার অন্তত ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার।

রোববার দেওয়া এক ঘোষণায় কিউবার সরকার জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ৫ ও ৬ জানুয়ারি দেশটিতে রাষ্ট্রীয়ভাবে দুই দিনের শোক পালন করা হবে। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি পরে জানানো হবে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি বিবৃতিতে বিস্তারিত তথ্য উল্লেখ না করা হলেও জানা গেছে, নিহত ব্যক্তিরা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন।

বিবৃতিতে কিউবা সরকার জানায়, ‘আমাদের স্বদেশীরা নিরাপত্তা ও প্রতিরক্ষার দায়িত্ব পালনের ক্ষেত্রে অটল থেকেছেন। তারা মর্যাদা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে কিংবা তাদের অবস্থান লক্ষ্য করে চালানো বোমাবর্ষণের মধ্যেই প্রাণ হারিয়েছেন।’

নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কিউবা কিছু নিরাপত্তা সহায়তা দিয়ে আসছিল। তবে নিহত কিউবানদের মধ্যে কতজন প্রেসিডেন্ট মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এবং অন্যরা কোথায় নিহত হয়েছেন—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার স্থানীয় সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (৬৩) ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন। মাদকসংক্রান্ত অভিযোগে সোমবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগসহ একাধিক অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়। তবে এসব অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছেন মাদুরো।

এনএনবাংলা/পিএইচ