সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের বিরুদ্ধে। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানিয়েছেন।
রিমান্ডে তথ্য গোপনের অভিযোগ
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ডন মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। তবে তাকে জিজ্ঞাসাবাদে সালমান শাহর মৃত্যুর ঘটনা ও মামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, তদন্তের প্রয়োজনে ডনকে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ডন ছিলেন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর আগ পর্যন্ত তারা একাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন।
এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন তাদের চেনেন বলে স্বীকার করলেও অনেক তথ্য গোপন করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার দাবি, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডন তার সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন এবং এ কারণে সালমান শাহ সম্পর্কে অনেক তথ্য তার জানার কথা। কিন্তু মৃত্যুর ঘটনা ও মামলাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কৌশলে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
আচরণে মিলছে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ: তদন্ত কর্মকর্তা
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সালমান শাহর মৃত্যুর আগে, পরে এবং ঘটনার সময় ডনের আচার-আচরণ ও চালচলন বিশ্লেষণ করে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
তদন্ত কর্মকর্তা বলেন, মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় তদন্তে পাওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে। ডন অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় ঘটনার বিষয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলেও আবেদনে দাবি করা হয়।
তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে ডনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন
বিদেশ যাওয়ার চেষ্টাকালে গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
এরপর গত ২০ আগস্ট ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মজিবুর রহমান। শুনানি শেষে ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য
সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম গত বছরের ২০ অক্টোবর মামলাটি করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর সময় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে।
এনএনবাংলা/
