বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও চুক্তি হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করাসহ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। দেশটির একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। আলোচনার ভিত্তিতে ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ওমানের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। এরপর কর্মী পাঠানোর প্রক্রিয়ার বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে।
এদিকে, ওমানে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। আগের সরকারের সময়ে এটি হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং বিষয়টি ওমান সরকারের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ওমানে পাঠানোর পাশাপাশি বিভিন্ন খাতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই দেশ কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টিও ছিল।
বৈঠকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এনএনবাংলা/
