সাম্প্রতিক
Skip to content

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা শহরের মসজিদগুলোতে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান প্রতিদিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও গাইডেন্সবিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শায়খ এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

এর ফলে মদিনার সাধারণ পাড়া-মহল্লার মসজিদ থেকে শুরু করে বড় জামে মসজিদগুলোতেও নারীরা প্রতিদিনের ফরজ নামাজ আদায়ের সুযোগ পাবেন। এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু শুক্রবার, তারাবি, ঈদ কিংবা বিশেষ মৌসুমে খোলা রাখা হতো। অন্য সময় এসব স্থান বন্ধ থাকত।

নতুন ব্যবস্থার ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন। এতে কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন কমবে।

নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও নিরাপত্তার দায়িত্বে নারী কর্মীদেরও রাখা হবে। এর আগে ঐতিহাসিক কয়েকটি মসজিদে নারীদের জন্য নির্ধারিত অংশের তদারকি ও নিরাপত্তায় ১১৫ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এসব ঐতিহাসিক মসজিদের মধ্যে রয়েছে সাইয়্যিদ আল-শুহাদা, কিবলাতাইন, খন্দক, গামামা ও জুমুআহ মসজিদ।

তবে মসজিদে নববি এই সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। সেখানে নারীদের জন্য বড় পরিসরের পৃথক নামাজের স্থান আগে থেকেই রয়েছে এবং সেগুলো নিয়মিত পরিচালিত হয়।

এনএনবাংলা/এফএস