সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

 

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণ দেখিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে কোথাও মিলছে না; বেশিরভাগ দোকানে তা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকায়। ফলে রমজানের প্রথম দিনেই বাড়তি ব্যয়ের চাপে পড়েছেন ক্রেতারা।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, আজ হঠাৎ করে নয়—গত দুই-তিন দিন ধরেই দাম বাড়তির দিকে। মৌসুমের শেষভাগে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং রমজানকে ঘিরে চাহিদা বাড়ায় পাইকারি বাজারেই দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও।

খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে পণ্য কিনতে হওয়ায় বাধ্য হয়েই তাদের খুচরা দাম সমন্বয় করতে হচ্ছে। মোকামে কয়েক দফা দাম বাড়ার কারণে বিকল্প না থাকায় তারা বেশি দামে বিক্রি করছেন। রমজান উপলক্ষে পাইকারি বাজারেও চাহিদা বেড়েছে বলে জানান তারা।

ক্রেতা মারুফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান এলেই ব্যবসায়ীরা সুযোগ নেন। গত সপ্তাহে ১০০ টাকার কমে দুই কেজি পেঁয়াজ কিনেছি, আর আজ একই পরিমাণ কিনতে চাচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবার হওয়ায় কয়েক দিন চলবে। তবে পরে বেশি দামেই কিনতে হবে। রোজা এলেই দাম বাড়বে—এটা যেন নিয়মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/পিএইচ