Skip to content

Upcoming
Portugal
0-0
Congo DR
Source: ESPN

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি :

নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহম্মদ নগরে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট্রের উদ্যোগে কোরআনখানি, র‌্যালী, বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা এবং  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোরে অনুষ্ঠিত হয় কোরআনখানি। সকাল ১০টার দিকে নূর মোহম্মদ নগরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাষ্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় জেলা পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম।

অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নূর—ই—আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবীর, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল ও বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ এর পরিবারের সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ  এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমানে নূর মোহাম্মদ নগর) গ্রামে বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছার ঘরে জন্মগ্রহণ করেন এই বীর সন্তান। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাৎবরণ করেন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।