নাটকীয়তার অবসান, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর রাজনীতিতে টানা কয়েক দিনের নাটকীয়তা শেষে অবশেষে কাটল সব অনিশ্চয়তা। অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিরাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে)-কে সমর্থন দিয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে)। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় এই সুপারস্টার।
২৯৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার ১১৮টি আসন। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে টিভিকে পায় ১০৮টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে ছিল দলটি। শনিবার (৯ মে) দুপুরে ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিজয়ের জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২০-এ।
রাজ্যপাল আর এন রবি-র কাছে পাঠানো চিঠিতে ভিসিকে জানায়, তামিলনাড়ুতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থেই তারা বিজয়কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কংগ্রেসের পাঁচজন ও বামপন্থি দলগুলোর চারজন বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান।
এই ফলাফলের মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের ডিএমকে-এআইএডিএমকে আধিপত্যের অবসানের ইঙ্গিত মিলেছে। গত ৬২ বছর ধরে পর্যায়ক্রমে ক্ষমতায় ছিল দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (এআইএডিএমকে)। মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করেই সেই দীর্ঘদিনের সমীকরণ বদলে দিলেন বিজয়। এবারের নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন।
বিদায়ী মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্টালিন মিত্র দলগুলোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার ভাষায়, রাজ্যের রাজনৈতিক অস্থিরতা এড়াতেই তারা বিজয়কে সমর্থন করেছে। তবে একইসঙ্গে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই ডিএমকের জোট ছেড়ে বিজয়ের পাশে দাঁড়ানো ছিল ‘পেছন থেকে ছুরি মারার’ মতো ঘটনা।
এদিকে সরকার গঠনকে ঘিরে গত বুধবার থেকেই রাজভবনে একাধিকবার যান বিজয়। কিন্তু রাজ্যপাল আর এন রবি ১১৮ জন বিধায়কের স্বাক্ষরযুক্ত শারীরিক সমর্থনপত্র ছাড়া সরকার গঠনের অনুমতি দিতে রাজি হননি। শুক্রবার রাতে এএমএমকের এক বিধায়কের সমর্থন নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত শনিবার দুপুরে ভিসিকে প্রধান থল তিরুমাভালাভান সরাসরি বিজয়ের হাতে সমর্থনপত্র তুলে দিলে সব জটিলতার অবসান ঘটে।
সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জোসেফ বিজয়। এর মধ্য দিয়ে দক্ষিণ ভারতের রাজ্যটিতে শুরু হতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক অধ্যায়।
সূত্র: এনডিটিভি
এনএনবাংলা/পিএইচ
