Skip to content

গঙ্গাচড়া উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা

রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল হতে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এক জনাকীর্ণ অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার উপজেলার মাল্টিপারপার্স হলে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। গঙ্গাচড়া উপজেলাকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জেড গোমেজ। তারা শিশুদের জীবনমান উন্নয়নে এবং অধিকার রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লিমা হান্না দারিং, ডিরেক্টর, টেকনিক্যাল এন্ড অপারেশন, ডিপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম গোমেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, উপজেলা জামায়াতের আমীর  মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রুবেল হুসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাইদ, সিনিয়র ম্যানেজার উত্তম দাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার ঘোষণাকে বাস্তবায়িত করতে জনপ্রতিনিধি, অভিভাবক এবং সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তিনি জানান, এখন থেকে এই উপজেলায় কোনো শিশু যাতে শ্রমের সাথে যুক্ত না হয় এবং স্কুল থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উপজেলা যুব ফোরামের সভাপতি নাজিরুল ইসলাম উপস্থাপনায় এসময়  উপস্থিত সকলে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা করার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও ছয়শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। এর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয় এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।