সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় সক্রিয় ছিলেন এবং মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দুই দফায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

রাজনীতিতে তার যাত্রা শুরু হয় ১৯৭০ সালে, যখন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় গত কয়েক সপ্তাহ ধরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন।

রাজনীতির পাশাপাশি ব্যবসায়ও তিনি সক্রিয় ছিলেন। ১৯৬৪ সালে কক্সবাজারে তার বাবার প্রতিষ্ঠিত হোটেল সায়মন সম্প্রসারণের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়ান। এছাড়া আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল ‘পেনিনসুলা চিটাগাং’-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এনএনবাংলা/পিএইচ