খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে খাল পুনঃখননের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। তাঁর মতে, সময়মতো সেচ নিশ্চিত করা গেলে বাংলাদেশের উর্বর মাটিতে আরও বেশি ফসল উৎপাদন সম্ভব হবে এবং খাদ্যের জন্য কাউকে কষ্ট করতে হবে না।
শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখননের কাজ শুরু করেছে। তিনি জানান, খাল খননের মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। কৃষকরা স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিও আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি ছিল বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এই কর্মসূচির আওতায় একজন মা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন, যা পরিবারের সন্তানদের পরিচর্যা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা যাবে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এ সুবিধা দেওয়া হচ্ছে এবং আগামী বাজেটে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
নারীদের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী নারীদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ চালু করেছিলেন। বিএনপি সরকার এখন স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে চায়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নারীদের স্বাবলম্বী না করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, তরুণদের দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশে চাকরির ব্যবস্থা করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তাঁর ভাষায়, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব হবে।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনুল হক। উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন, আসাদুল হক দুলু, সলিম উল্যাহ সেলিম এবং আয়াত আলী ভুঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এনএনবাংলা/পিএইচ
