Skip to content

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবালক হোসেনকে নিয়োগ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ওই রাতেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এর ধারাবাহিকতায় রোববার সকালে আবারও আন্দোলন শুরু হলে ভিসির সমর্থনে কিছু বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে বলে অভিযোগ ওঠে। এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞ এবং প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে যোগ্য কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। শিক্ষক প্রতিনিধিরাও একই দাবি সমর্থন করছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত দুই দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোববার সকালেও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এনএনবাংলা/পিএইচ