শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী
রবিবার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা চালু হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। দুপুর ২টায় এ সেবার উদ্বোধন করেন আফরোজা খানম। এর ফলে এখন থেকে বিমানবন্দরে আগত যাত্রীরা সম্পূর্ণ বিনা খরচে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী ফ্রি ওয়াই-ফাই সুবিধা ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই নেটওয়ার্কের কাভারেজ থাকবে। এর আওতায় এসেছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ কার পার্কিং এলাকাও। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা সহজেই ইন্টারনেট সুবিধা পাবেন।
জানা গেছে, পুরো নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে স্থাপন করা হয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। এছাড়া সম্পূর্ণ সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ
