Skip to content

ঈদের দিন ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গোপালগঞ্জে একই পরিবারের তিন সদস্যসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও নাটোরে তিনজন করে, দিনাজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও ফরিদপুরে দুজন করে এবং গাইবান্ধা, নারায়ণগঞ্জ, নড়াইল ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন।

গোপালগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৬

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায়। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ও একই পরিবারের দুজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর

দিনাজপুরে বৃষ্টির মধ্যে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে নারী ও শিশুসহ চারজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নাটোরের গুরুদাসপুরে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় নাদিম ইসলাম রুবেল (২৫) ও ফারুক হোসেন (২০) নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদিকে লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত রাজমিস্ত্রি আব্দুল কাদের (৩১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তামিম হাওলাদার (২০) ও ফয়সাল (১৯) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

টাঙ্গাইলে দুই দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী কানন আহমেদ (১৭) নিহত হন। এছাড়া কালিহাতীতে বাসচাপায় সফিকুল ইসলাম সফি (৪৭) নামে এক দর্জি ব্যবসায়ী নিহত হয়েছেন।

ফরিদপুরে পদ্মা সেতু দেখতে গিয়ে নিহত দুই বন্ধু

ফরিদপুরে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

চট্টগ্রামে উল্টো পথে বাস, নিহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস উল্টো পথে এসে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতি ও উল্টো পথে বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

অন্যান্য জেলায়ও প্রাণহানি

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
  • নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
  • নড়াইলের লোহাগড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির গাজী (১৮) নিহত এবং একজন আহত হয়েছেন।
  • মাদারীপুরের শিবচরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নিহত হয়েছেন।

ঈদের দিনে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন জেলায়। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও ট্রাফিক আইন অমান্য করাকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা।

এনএনবাংলা/