রোমানিয়ায় রুশ ড্রোন হামলায় আহত ২, ফুঁসে উঠল ন্যাটো

ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার এটি সর্বশেষ ঘটনা।
যুদ্ধরত দুই দেশের সীমান্তবর্তী ন্যাটো সদস্য দেশগুলো ক্রমেই বাড়তি ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাতের বিমান ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা উদ্বেগ আরও তীব্র হয়েছে। সম্প্রতি লাটভিয়ার আকাশসীমায়ও একটি ইউক্রেনীয় ড্রোন প্রবেশের ঘটনায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের বেসামরিক এলাকা ও অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালায় রাশিয়া। হামলাগুলো রোমানিয়া সীমান্তসংলগ্ন অঞ্চলে সংঘটিত হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার সময় একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। রাডারের মাধ্যমে সেটিকে গ্যালাতি শহরের দক্ষিণাঞ্চল পর্যন্ত অনুসরণ করা হয়। পরে ড্রোনটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আছড়ে পড়লে সেখানে আগুন ধরে যায়।
এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ‘রাশিয়ার গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উসকানি’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে বুখারেস্ট ইতোমধ্যে ন্যাটোর মহাসচিবকে বিষয়টি জানিয়েছে এবং দেশটির ড্রোন-বিধ্বংসী সক্ষমতা জোরদারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
রোমানিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিক্রিয়া
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনা শুধু দেশটির নিরাপত্তার জন্য নয়, বরং পুরো ন্যাটো জোটের জন্য উদ্বেগের বিষয়।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “রাশিয়া আবারও একটি সীমা অতিক্রম করেছে।” তিনি বলেন, “আমরা রোমানিয়া ও দেশটির জনগণের পাশে আছি। পূর্ব সীমান্তে নিরাপত্তা ও প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।”
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, “জোটভুক্ত দেশগুলোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার ‘বেপরোয়া’ আচরণ আমাদের সবার নিরাপত্তার জন্য হুমকি।”
সূত্র: এএফপি
এনএনবাংলা/
