Skip to content

কোরবানির পশুর বর্জ্য অপসারণে জোরদার কার্যক্রম চলছে: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, দ্বিতীয় দিনে ডিএসসিসির আওতাধীন এলাকা থেকে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদ উপলক্ষে কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে নিরবচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ।

মো. আবদুস সালাম জানান, পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন কর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় দিনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, ঈদের দিন রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্প করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কোরবানির পশুর অস্থায়ী হাট নির্ধারিত স্থানের বাইরে সম্প্রসারণ কিংবা অবৈধভাবে রাস্তা দখল করে পরিচালনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা আরোপের পাশাপাশি কালো তালিকাভুক্তও করা হবে।

এদিকে, নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

ঈদ উপলক্ষে বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুরো কার্যক্রম তদারকিতে বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

এনএনবাংলা/