Skip to content

ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন তিনজন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মালয়েশিয়া থেকে দেশে ফেরা আরিফুল ইসলামকে ঢাকার বিমানবন্দর থেকে আনতে পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে যশোরে ফেরার পথে মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী প্রাইভেটকারটি

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আরিফুল ইসলাম, তার মা নুর জাহান ও বোন আয়েশা বেগম। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান তার ভাই রাকিবুল ইসলাম।

নিহত নুর জাহান যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী। নিহত অন্যরা হলেন তার ছেলে মালয়েশিয়াপ্রবাসী আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম এবং মেয়ে আয়েশা বেগম। এছাড়া দুর্ঘটনায় নিহত প্রাইভেটকারচালক জাহিদ শেখ যশোরের মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। চালক ছাড়া নিহত চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএনবাংলা/পিএইচ