বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার–এর চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট পিএলসি–এর গ্রুপ সিইও মাসুদ খান।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে উপসচিব ফারজানা জাহানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ২০২০ সালের জুলাই থেকে মাসুদ খান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। করপোরেট জগতে তার অভিজ্ঞতা চার দশকেরও বেশি। প্রায় ৪৩ বছরের কর্মজীবনে তিনি দেশি-বিদেশি বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে প্রায় ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশ–এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ–এর বিভিন্ন পদে দেশে ও বিদেশে প্রায় ২০ বছর কাজ করেছেন।
বর্তমানে তিনি সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে, এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনের চার কমিশনার পদত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তারা। পদত্যাগকারী চার কমিশনার হলেন— মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং সাইফউদ্দিন।
এনএনবাংলা/পিএইচ
