Skip to content

জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ আইভী’র

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

১২টি মামলায় ৩৯১ দিন কারাভোগের পর বুধবার রাতে কারামুক্ত হন তিনি। মুক্তির পর রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তাঁর পারিবারিক বাসভবন ‘চুনকা কুটিরে’ পৌঁছান।

এর আগে তিনি শহরের মাসদাইর কবরস্থানে গিয়ে বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন।

বাসায় ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী বলেন, “আমি বর্তমান সরকারের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা আমার জন্য দোয়া করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বিচার বিভাগের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমি চাই একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরও অনেক নিরপরাধ মানুষ আছেন, আশা করি সরকার তাঁদের প্রতিও সদয় হবে।”

তাঁর মুক্তি ও বাড়িতে ফেরাকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ১০টা থেকেই সমর্থকেরা চুনকা কুটিরের সামনে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়।

তবে আইভী বাসায় পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত লোকজনকে সরে যাওয়ার অনুরোধ জানান। পরে তিনি বাড়িতে প্রবেশ করলে স্বজনেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় বাড়ির বাইরে স্থানীয়দেরও ভিড় লক্ষ্য করা যায়। তবে রাতে তিনি কারও সঙ্গে সাক্ষাৎ করেননি।

অন্যদিকে, তাঁর মুক্তি ও নিজ এলাকায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এনএনবাংলা/পিএইচ