বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভিতে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

বিশ্বকাপ ফুটবল ২০২৬ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা শেষ হয়েছে। বাংলাদেশের দর্শকরা এবার তিনটি টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখতে পারবেন। চ্যানেলগুলো হলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস এবং সময় টিভি।
জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফার কাছ থেকে পুরো বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের স্বত্ব কিনেছে। পরে বেসরকারি দুই টেলিভিশন চ্যানেল—টি-স্পোর্টস ও সময় টিভিকে সাব-লাইসেন্সের মাধ্যমে সম্প্রচারের অনুমতি দিয়েছে।
তবে আন্তর্জাতিক মানের খেলা সম্প্রচারের জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা সময় টিভির পুরোপুরি প্রস্তুত হয়েছে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। যদিও সময় টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগেই তারা প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হবে।
বিশ্বকাপ সম্প্রচারের অন্যতম প্রধান শর্ত হলো এনক্রিপটেড চ্যানেল সুবিধা। অর্থাৎ, এনক্রিপশন প্রযুক্তি ছাড়া কোনো টেলিভিশন চ্যানেল এই আসরের ম্যাচ সম্প্রচার করতে পারবে না। সময় টিভি ১১ জুনের আগেই প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে পারলে টি-স্পোর্টসের পাশাপাশি তারাও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে।
ইতোমধ্যে বিটিভি আনুষ্ঠানিকভাবে টি-স্পোর্টসকে বিশ্বকাপ সম্প্রচারের পার্টনার হিসেবে চিঠি দিয়েছে।
এ বিষয়ে সময় টিভির ব্রডকাস্ট হেড সালাউদ্দিন সেলিম বলেন, “এই কারিগরি জটিলতা আমরা কয়েক দিনের মধ্যেই সমাধান করতে সক্ষম হব।”
দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর ফিফার কাছ থেকে বিটিভি বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচারের জন্য টিভি রাইটেসের স্বত্ব কিনেছে প্রায় ৩.৫ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় এই হিসেবটা দাড়ায় প্রায় ৪২ কোটি ৭০ লাখ টাকায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে ফিফা এই স্বত্বের জন্য প্রায় দ্বিগুণ মূল্য দাবি করেছিল।
এনএনবাংলা/
