মাঠে নেমেই মেসির গোল, জয়ের স্বস্তি নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনের আগে আত্মবিশ্বাসী প্রস্তুতি সম্পন্ন করেছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিওনেল মেসিও।
বুধবার (১০ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের আলবামায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল করেন ভ্যালেন্টিনো বার্কো ও থিয়াগো আলমাদা। যদিও গোল পায়নি আইসল্যান্ড, তবু তারা লড়াই করেছে সমানতালে। ম্যাচে আর্জেন্টিনার বল দখল ছিল ৬০ শতাংশ, আর আইসল্যান্ডের ছিল ৪০ শতাংশ। পুরো ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেশ শারীরিক লড়াই দেখা যায়। মোট ৩০টি ফাউলের মধ্যে ১২টি করে আর্জেন্টিনা এবং ১৮টি করে আইসল্যান্ড।
শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই ম্যাচের শুরুতে এগিয়ে যায় আলবেসিলেস্তেরা। অষ্টম মিনিটে পাওয়া একটি ফ্রি-কিক থেকে গোলের সূচনা করে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির ভাসানো বল প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লিয়ার করলেও বক্সের বাইরে থাকা ভ্যালেন্টিনো বার্কো দুর্দান্ত হাফ-ভলিতে বল জালে পাঠান। প্রথমার্ধে এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্কালোনির দল। অন্যদিকে আইসল্যান্ডও চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও মেসিকে মাঠে নামাননি স্কালোনি। তবে বিরতির পর একসঙ্গে পাঁচটি পরিবর্তন আনে আর্জেন্টিনা। মাঠে নামেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লাউতারো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো। আর উঠে যান এক্সিকুয়েল পালাসিও, ভ্যালেন্টিনো বার্কো, জিওভানি লো সেলসো, হোসে লোপেজ এবং লিসান্দ্রো মার্তিনেজ। ৫১ মিনিটে মেসিকে ওয়ার্মআপ করতে দেখে গ্যালারিতে বাড়তে থাকে উচ্ছ্বাস।
হাই লাইন ধরে খেলতে গিয়ে দ্বিতীয়ার্ধে বেশ চাপে পড়ে আইসল্যান্ড। ৫৭ মিনিটে নিকো পাজ ডান দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে লাউতারো মার্তিনেজের উদ্দেশে বল বাড়ান। তবে ইন্টার মিলানের এই ফরোয়ার্ড সময়মতো বলের নাগাল পাননি। এরপরও একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে আর্জেন্টিনা।
অবশেষে ৬৯ মিনিটে মাঠে নামানো হয় মেসিকে। মাঠে নামার মাত্র দুই মিনিট পরই গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম স্পর্শেই লাউতারো মার্তিনেজকে দারুণ এক থ্রু পাস দেন তিনি। বক্সে ঢোকার পর লাউতারো পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে নিতে এসে ভুল করেননি মেসি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের স্মৃতি থাকলেও এবার সফলভাবে বল জালে জড়িয়ে দলের ব্যবধান ২-০ করেন তিনি।
ম্যাচের শেষদিকে আরও একটি গোল যোগ করে আর্জেন্টিনা। ৮৭ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে মেসি বল দেন রদ্রিগো ডি পলকে। ডি পলের ক্রস থেকে থিয়াগো আলমাদা সহজেই বল জালে পাঠিয়ে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন। শেষ পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। যৌথভাবে আসরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে।
এনএনবাংলা/পিএইচ
