Skip to content

বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় ও গোলের রেকর্ড ব্রাজিলের

ছবি: ইন্টারনেট

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর কথা উঠলে সবার আগে আসে ব্রাজিলের নাম। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে একমাত্র দল হিসেবে পাঁচবার শিরোপা জয়ের গৌরব এখনও ধরে রেখেছে সেলেসাওরা। শুধু ট্রফির সংখ্যাতেই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় ও সর্বাধিক গোলের রেকর্ডও ব্রাজিলের দখলে।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ২২টি আসরে অংশ নিয়েছে ব্রাজিল। মোট ১১৪টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৭৬টিতে, ড্র করেছে ১৯টি এবং হেরেছে ১৯টি ম্যাচ। জয়ের হার প্রায় ৬৭ শতাংশ। এছাড়া ২০০২ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ১১ ম্যাচ জয়ের অনন্য রেকর্ডও রয়েছে তাদের।

গোলের হিসাবেও বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত সর্বাধিক ২৩৭ গোল করেছে তারা। আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল খেলে প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি বল জড়িয়ে এই রেকর্ড গড়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালে শুরু হওয়া প্রথম বিশ্বকাপ থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দলও ব্রাজিল। দীর্ঘ এই পথচলায় বিশ্ব ফুটবলের সবচেয়ে ধারাবাহিক ও সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা।

বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি করেছে ২৩২ গোল। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২।

এছাড়া বিশ্বকাপে ১০০-এর বেশি গোল করা দলগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) এবং ইংল্যান্ড (১০৪)।

ব্রাজিলের এই গোলবন্যার পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের অসংখ্য কিংবদন্তির অবদান। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং আধুনিক যুগের তারকা নেইমার জুনিয়র—সবাই মিলে বিশ্বকাপে ব্রাজিলকে এনে দিয়েছেন অনন্য উচ্চতা।

তবে একটি ভিন্ন রেকর্ডও রয়েছে ব্রাজিলের ঝুলিতে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডও তাদের দখলে। এখন পর্যন্ত ব্রাজিলের ফুটবলাররা মোট ১১টি লাল কার্ড দেখেছেন, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। বিভিন্ন সময়ে শৃঙ্খলাভঙ্গ, কঠোর ফাউল এবং উত্তেজনাপূর্ণ ঘটনার কারণে এই রেকর্ড গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এনএনবাংলা/