Skip to content

বাজেট ২০২৬-২৭

একাধিক গাড়ি থাকলে দিতে হবে পরিবেশ সারচার্জ

ছবি: সংগৃহীত

একাধিক গাড়ি বা মোটরযানের মালিকদের জন্য পরিবেশ সারচার্জ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।

প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তির নামে একাধিক গাড়ি নিবন্ধিত থাকলে নির্ধারিত হারে অতিরিক্ত পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, কোনো ব্যক্তির নামে একাধিক মোটরগাড়ি নিবন্ধিত থাকলে প্রতিটির জন্য পরিবেশ সারচার্জ আরোপ করা হবে। তবে একাধিক গাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন হারে সারচার্জযোগ্য গাড়িটি এ হিসাবের বাইরে থাকবে। অর্থাৎ সবচেয়ে কম সারচার্জ প্রযোজ্য গাড়ি বাদে বাকি সব গাড়ির জন্য পরিবেশ সারচার্জ দিতে হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটরগাড়ির জন্য পরিবেশ সারচার্জের হার নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের বেশি কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটরগাড়ির জন্য ৫০ হাজার টাকা সারচার্জ দিতে হবে। একইভাবে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের বেশি কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াট পর্যন্ত মোটরগাড়ির জন্য সারচার্জ নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার টাকা।

এ ছাড়া ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের বেশি কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটরগাড়ির জন্য দেড় লাখ টাকা, ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের বেশি কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটরগাড়ির জন্য ২ লাখ টাকা এবং ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন প্রতিটি মোটরগাড়ির জন্য সাড়ে ৩ লাখ টাকা পরিবেশ সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, মোটরযানের নিবন্ধন বা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ উৎসে কর ও সারচার্জ আদায় করবে। সরকারের মতে, পরিবেশ সুরক্ষা এবং উচ্চমূল্যের একাধিক যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে এ ব্যবস্থা অব্যাহত রাখা হচ্ছে।

এনএনবাংলা/