Skip to content

Upcoming
Qatar
0-0
Switzerland
Source: ESPN

ভারত-বাংলাদেশের একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বেনাপোল পৌঁছালে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের জন্য যা ভালো, আগামী দিনে দুই দেশ সেই পথেই এগিয়ে যাবে।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। এ সময় বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস এবং বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

সীমান্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও অন্যান্য খাতে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন, “একটা ক্রিকেট দল যদি মিলেমিশে হয় তাহলে কত ভালো হবে। খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, টেকনোলজি—সব ক্ষেত্রেই আমরা একসঙ্গে কাজ করতে চাই। এজন্য উভয় পক্ষের সমর্থন প্রয়োজন।”

সাম্প্রতিক ‘পুশ ইন’ ইস্যু, সীমান্ত উত্তেজনা, ভ্রমণ ও বাণিজ্যসংক্রান্ত বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, “ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না, আমি বাংলাদেশে এসেছি। ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি—এই ১৬০ কোটি মানুষের জন্য যা ভালো, সেটাই করা হবে।”

গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক এমএলএ, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের কূটনৈতিক ইতিহাসে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে সাধারণত ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়। তবে দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানো হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠতা এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞানের কারণে ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। গুজরাটি ব্যবসায়ী পরিবারে জন্ম হলেও তিনি সাবলীল বাংলা বলতে পারেন এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দীনেশ ত্রিবেদী ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে তার দায়িত্ব গ্রহণের ফলে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় রচনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন তিনি।

এনএনবাংলা/