বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আলো, সুর আর উচ্ছ্বাসের ঝলকে হঠাৎই সবার নজর কাড়েন এক শিল্পী। মেরুন রঙের দৃষ্টিনন্দন স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ও লাল-সবুজের প্রতীক—যেন পুরো পোশাকজুড়েই ছিল বাংলাদেশের গল্প। আর পারফরম্যান্সের সময় বারবার হাতার নকশার দিকে ইঙ্গিত করে তিনি যেন গর্বভরে জানান দিচ্ছিলেন নিজের শিকড়ের পরিচয়।
তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।
শুক্রবার (১২ জুন) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করেন সানজয়। তবে কেবল তার পারফরম্যান্সই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের প্রতীক বহন করা তার বিশেষ পোশাকটিও।
মঞ্চে গান পরিবেশনের সময় কয়েক দফা স্যুটের হাতার নকশার দিকে ইশারা করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই এটিকে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও গর্বের প্রকাশ হিসেবে দেখছেন।
এরই মধ্যে দেশের বিভিন্ন সংগীতশিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সানজয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় প্রশংসায় ভাসছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করেছেন সঞ্জয় । সেখানে তিনি লিখেছেন, “My people. This is just the start of something beautiful.” অর্থাৎ, “আমার মানুষ, সুন্দর কিছুর এটি কেবল শুরু।”
জানা গেছে, সঞ্জয় –এর জন্ম শ্রীমঙ্গলে। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নানা সংস্কৃতি ও সংগীতধারার সংমিশ্রণে গড়ে উঠেছে তার নিজস্ব সংগীতজগৎ। তবে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও নিজের শিকড়কে যে তিনি হৃদয়ে ধারণ করে আছেন, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তার উপস্থিতি যেন সেটিই নতুন করে মনে করিয়ে দিল।
এনএনবাংলা/পিএইচ
