ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আগামীকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির দল। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় এসেছে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের আগে আজ নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার সমর্থকেরা একটি পতাকা মিছিলের আয়োজন করেন। এ সময় সেখানে উপস্থিত আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিও প্রথমে ইনস্টাগ্রামের ব্রুটঅফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকার রঙে সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শুরুতে কথাকাটাকাটির মধ্যেই পরিস্থিতি সীমাবদ্ধ থাকলেও পরে তা আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাক্কাধাক্কির পাশাপাশি লাথি মারার ঘটনাও ঘটে।
সংঘর্ষের সময় আশপাশে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিল। ভিডিওতে কয়েকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা গেলেও তারা সফল হননি। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে টাইমস স্কয়ারে আয়োজিত এই সমাবেশ ছিল আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। একই সময়ে কানসাস সিটিতেও আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমানে সেখানেই অবস্থান করছে লিওনেল স্কালোনির দল।
এনএনবাংলা/
